ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা বন্দেরবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) বিকালে লুডু খেলা নিয়ে হামদু মিয়ার ছেলে নীরব (১১) ও প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ইয়াছিনের (১২) মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াছিন নীরবকে চড় মারলে দুই পরিবারের সদস্যরা ঘটনাস্থলে জড়ো হন। এসময় হাতাহাতির মধ্যে হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াছিনের মাথায় আঘাত লাগে।
এ ঘটনার জের ধরে শনিবার সকালে আবুল হোসেনের পক্ষের লোকজন হামদু মিয়ার বাড়িতে গেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।