চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্টগার্ডের জনসচেতনতামূলক সভা
সংগৃহীত ছবি
চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জেলে ও স্থানীয় জনগণের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের উদ্যোগে মেঘনা ও ডাকাতিয়া নদীসংলগ্ন এলাকায় মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা বিষয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় দেশের মৎস্য সম্পদের গুরুত্ব, নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ, প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকা, নদী ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় স্থানীয় জেলেদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনা হয়। পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
আলোচনা সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা, স্থানীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধিসহ জেলে সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।