লৌহজংয়ে বাসচাপায় যুবক নিহত, চালক পুলিশ হেফাজতে

লৌহজংয়ে বাসচাপায় যুবক নিহত, চালক পুলিশ হেফাজতে

ফাইল ছবি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় কালু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসচালককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে হেফাজতে নেওয়ার সময় ওই চালকের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার মালির অংক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালু মৃত নুর আলম হোসেনের ছেলে। তার বাড়ি মাদারীপুর জেলায় হলেও ছোটোবেলা থেকেই তিনি লৌহজং উপজেলার ঢুলুগাঁও গ্রামে বেড়ে ওঠেন। মা-বাবা না থাকায় গ্রামের একটি পরিবার তাকে নিজেদের সন্তানের মতো লালন-পালন করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ওই বাসটি কালুকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসচালক লিটন শেখকে (৪২) আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, হেফাজতে নেওয়ার সময় চালকের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। লিটন শেখ শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার বাসিন্দা হারুন শেখের ছেলে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, বাসচালক পুলিশ হেফাজতে রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি চালকের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে এবং দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে