পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজার চাষ, গ্রেপ্তার দিনমজুর
সংগৃহীত ছবি
বাড়ির উঠানে পারিবারিক কবরস্থান। দূর থেকে দেখে বোঝার উপায় নেই, সেই কবরস্থানের ঝোপঝাড়ের আড়ালে পরম যত্নে বেড়ে উঠছিল একটি সুবিশাল গাঁজার গাছ।
আর সেই গাছটির চাষ ও পরিচর্যা করছিলেন মো. সিরাজুল ইসলাম (৪০) নামের এক দিনমজুর।
রবিবার (২ আগস্ট) রাতে বগুড়ার গাবতলী উপজেলার আকন্দপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১২ ফুট উঁচু সেই গাছসহ তাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেপ্তার সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত ফরিদ ফকিরের ছেলে।
রবিবার দিবাগত রাতে ডিএনসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে সিরাজুলের পারিবারিক কবরস্থানের ভেতর একটি গাঁজার গাছের সন্ধান পাওয়া যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৯টার দিকে সেখান থেকে ১২ ফুট উঁচু একটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধার করে তা জব্দ করা হয়। এসময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় সিরাজুলকে।
জিজ্ঞাসাবাদে সিরাজুল দাবি করেন, স্থানীয় এক মাদক কারবারির কাছ থেকে প্রায় দুই বছর আগে চারা সংগ্রহ করে গোপনে কবরস্থানে তা রোপণ ও পরিচর্যা করে আসছিলেন তিনি।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশাল আকৃতির গাঁজার গাছসহ আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ মাদক কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত, তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, রবিবার রাতেই উদ্ধার করা গাঁজার গাছ, রাসায়নিক পরীক্ষার জন্য সংগৃহীত আলামত ও আলামতের জব্দতালিকাসহ আসামিকে গাবতলী মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাবতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।