বাগেরহাটে চার সহকারী সরকারি কৌঁসুলির পদত্যাগ

বাগেরহাটে চার সহকারী সরকারি কৌঁসুলির পদত্যাগ

সংগৃহীত

বাগেরহাটে জেলা জজ আদালতের এক সঙ্গে চার সরকারি সহকারী কৌঁসুলি পদত্যাগ করেছেন। রোববার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী আইনজীবীরা হলেন, জেলা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, এজিপি কুতুব উদ্দিন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম স্বপন ও মো. মহিবুল্লাহ। পদত্যাগকারী আইনজীবীরা ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

এপিপি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ বলেন, ব্যক্তিগত চেম্বার পরিচালনার পরে সরকারি দায়িত্ব পালন করা আসলে কষ্টসাধ্য। তাই তিনি পদত্যাগ করেছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, আমরা চারজন সরকারি সহকারী কৌঁসুলির পদত্যাগ পত্র পেয়েছি। সরকারি কৌঁসুলিদের নিয়োগের জন্য “দ্য লিগ্যাল রিমেমব্রেন্সার্স ম্যানুয়াল” রয়েছে। ওই বিধিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।