জামালপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রতিকী ছবি
জামালপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে আব্দুল হাই (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার নরুন্দি মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত আব্দুল হাই সদর উপজেলার নান্দিনা এলাকার বাসিন্দা।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে দেওয়ানগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনটি নরুন্দি স্টেশন অতিক্রম করে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ট্রেনটি মির্জাপুর এলাকায় পৌঁছালে ছাদে থাকা আব্দুল হাই অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।