ঘুমধুম সীমান্তে চিকিৎসাসেবায় বিজিবি, উপকৃত ৬০০ অসহায় মানুষ
সংগৃহীত ছবি
কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা এবং উপহার সামগ্রীও বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর আওতাধীন তুমব্রু বিওপির নাইক্ষ্যংছড়ীর ঘুমধুম ইউনিয়ন এলাকায় এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম নেতৃত্বে দুজন অভিজ্ঞ বিজিবি চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় ৬০০ জন অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় এই মেডিক্যাল ক্যাম্পে।
এ ছাড়া স্থানীয় মাদরাসা, কিয়াংঘর এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।