কেরানীগঞ্জে গ্রাহকদের অর্ধকোটি টাকা নিয়ে উধাও সমিতির কর্মকর্তারা

কেরানীগঞ্জে গ্রাহকদের অর্ধকোটি টাকা নিয়ে উধাও সমিতির কর্মকর্তারা

সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নে শতাধিক গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছেন একটি সমবায় সমিতির কর্মকর্তারা। গ্রাহকেরা আমানতের টাকা নিতে এসে দেখেন সমিতির কার্যালয় বন্ধ।

তারা মোবাইল ফোনে প্রতিষ্ঠানটির মালিক ও কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারছেন না।

প্রতিষ্ঠানটির নাম ‘ভোরের আলো সমবায় সমিতি লিমিটেড’। আমানতের টাকা ফেরত পেতে এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের শাস্তির দাবিতে সোমবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার সামনে ভিড় জমিয়েছে ভুক্তভোগীরা।

থানার সামনে ভিড় জমানো ভুক্তোভোগীরা জানান, দুই মাস আগে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নে ভোরের আলো নামে একটি সমবায় সমিতি অফিস করা হয়।

সমিতির কর্মকর্তারা স্বল্প সুদে ও সহজ শর্তে লাখ লাখ টাকা লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে গত দুই মাসে শতাধিক গ্রাহকদের কাছ থেকে ভর্তি ও সঞ্চয় বাবদ গ্রাহক প্রতি পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা তোলেন। এভাবে গত ২ মাসে প্রায় ৫০ লাখ টাকার বেশি এলাকাবাসীর থেকে সংগ্রহ করেন তারা।

সোমবার (৩ আগস্ট) সবাইকে লোন দেওয়ার কথা থাকলেও গত কালকেই অফিস তালা মেরে গ্রাহকদের আমানতের টাকা নিয়ে পালিয়ে যায় সমিতির কর্মকর্তারা।

ভুক্তভোগী মারজান আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবার চিকিৎসা করাতে প্রায় ৭ লাখ টাকা প্রয়োজন আমাদের।

ভোরের আলো ৬ লাখ টাকা লোন দিবে বলে আমাদের কাছ থেকে সঞ্চয় বাবদ ৩০ হাজার টাকা টাকা নেন। আজকে আমাদের লোন পাশ হওয়ার কথা ছিল। গতকালকেই লোকমুখে শুনে তাদের অফিসে গিয়ে দেখতে পাই অফিস তালা মারা। বাবার অপারেশন তো আর করা হলো না, ওষুধ কেনার জন্য জমানো টাকাটা পর্যন্ত তারা নিয়ে গেল।

মরিয়ম নামে অপর একজন জানান, আমার ছেলের বিদেশ যাওয়ার জন্য দশ লাখ টাকা দরকার ছিল।

ওরা লোন দেওয়ায় কথা বলে গত কয়েক সপ্তাহে সঞ্চয় বাবদ ৫০ হাজার টাকা নিয়েছে। আজকে লোন দেওয়ার কথা কিন্তু গতকালকেই অফিসে গিয়ে দেখি পালিয়ে গেছে। আমার অভাবের সংসার, কি করব কিভাবে টাকা পাব বুঝে আসছে না।

সলেমান নামে এক ভুক্তোভোগী জানান, আমাদের বাড়িতে প্রায় ৮টা ঘর, সবার থেকেই লোনের প্রলোভন দেখিয়ে টাকা নিছে। কারো ১০ হাজার, কারো ৫০ হাজার। গত দুই মাসে পুরো রোহিতপুর ইউনিয়ন থেকে তারা মিষ্টি ভাষায় কথা বলে অনেক টাকা নিয়েছে। প্রতারণা করে সরল মানুষগুলোর সর্বস্ব কেরে নিয়েছে তারা।

ভুক্তভোগীরা আরো অভিযোগ করে বলেন, এ ঘটনায় গতকালকেই কেরানীগঞ্জ মডেল থানায় তারা অভিযোগ দায়ের করেছেন। তবে থানা পুলিশ এখনো তাদের বিষয়টি আমলেই নেয়নি এমনকি ১ দিন পার হয়ে গেলেও ঘটনাস্থলে যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উমর ফারুক বলেন, ঘটনাটি মাত্র শুনলাম, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।