লক্ষ্মীপুরে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
সংগৃহীত ছবি
শিক্ষাঙ্গণে অপরাজনীতি করার প্রতিবাদে শিবিরের বিরুদ্ধে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বুধবার (৫ আগস্ট) দুপুরে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভির নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সহ-সভাপতি সালমান হায়দার রাশেদ, জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ ইব্রাহিমসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ছাত্রদল নেতা হাছিবুর রহমান অভি বলেন, ‘১৭ বছর আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্রদল রাজপথে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করেছে। গণঅভ্যুত্থানে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত, নিহত ও পঙ্গুত্ব বরণ করেছে। আমরা এখন দেখছি ৫ আগস্টের পরে ছাত্র শিবিরসহ বিভিন্ন সংগঠন অপকর্ম করে বেড়াচ্ছে।’
ছাত্রদল নেতা আবুল বারাকাত সৌরভ বলেন, ‘শিবির দেশব্যাপী অপরাজনীতি করে আসছে। তাদেরকে গুপ্ত রাজনীতি বন্ধ করে প্রকাশ্যে রাজনীতি করতে হবে। অশালীন ও উসকানিমূলক বক্তব্যগুলো প্রত্যাহার করতে হবে। অপরাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরলে আমরা তাদেরকে সর্বত্র সহযোগিতা করব। ছাত্র রাজনীতি হবে শৃঙ্খলাপূর্ণ, সহমর্মী, শিক্ষাবান্ধব ও জনকল্যাণমুখী। দেশের মানুষ অপরাজনীতি দেখতে চায় না। অশালীন কথাবার্তা দিয়ে সুস্থ ধারার রাজনীতি সম্ভব নয়।’