বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৩

বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৩

ফাইল ছবি

 

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৮১ হাজার ৭০০ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত তিনজনকে টক করা হয়েছে।

বৃহস্পতিবার সুলতানপুর ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদারের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের নির্দেশনায় বিভিন্ন সীমান্ত এলাকায় টহলদল অভিযান চালায়।

অভিযানগুলো পরিচালিত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলার চন্ডিদার, কর্নেলবাজার, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায়।

অভিযানে ভারতীয় বাসমতি চাল, গরু, শ্যাম্পু, রেডবুল এনার্জি ড্রিংকস, রসুন, চকলেট, ক্লোপজি ক্রিম, অলিভ অয়েল, ইস্কাপ সিরাপ, গাঁজা, একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানের অভিযোগে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে কুমিল্লার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং মাদক ও চোরাচালান দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।