মাদক বিক্রির টাকা ভাগাভাগি দ্বন্ধে তুরাগে যুবক নিহত

মাদক বিক্রির টাকা ভাগাভাগি দ্বন্ধে তুরাগে যুবক নিহত

প্রতীকী ছবি

রাজধানীর তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি দ্বন্ধে সজিব হাসান (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে তুরাগ থানাধীন নলভোগ কফিল মেম্বারের বাড়ির পাশে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, মাদক বিক্রির টাকা কম দেওয়ায় স্থানীয় রুবেল নামের অপর এক যুবকের মারধরে সজিবের মৃত্যু হয়। সজিব অভিযুক্ত রুবেলের সঙ্গে এক সঙ্গে মাদকদ্রব্য বিক্রিতে জড়িত ছিল বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা যুগান্তরকে জানায়,  রাতে মাদক বিক্রির টাকা কম দেওয়ায় রুবেলের এলোপাতারি মারধর ও দেশীয় অস্ত্রের আঘাতে সজিব গুরুতর আহত হয়। পরে কয়েকজন মিলে সজিবকে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মেডিকেল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত মারধরের কারণে সজিব মারা গেছে।

রাতে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে দশটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়ে লাশ উদ্ধার করেছে। রুবেলের বিরুদ্ধে আমাদের থানায় আগেরও মামলা আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।