রেকর্ড গড়ে তুরস্কের ক্লাবে সালাহ
সংগৃহীত ছবি
সব জল্পনার অবসান ঘটিয়ে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরে যোগ দিয়েছেন মিসরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। দুই বছরের চুক্তিতে ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন তিনি। এই চুক্তির মাধ্যমে তুরস্ক সুপার লিগের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারও হয়েছেন সালাহ।
ট্রাবজোনস্পরের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী, বছরে ১ কোটি ৭০ লাখ ইউরো পারিশ্রমিক পাবেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪২ কোটি ৮৬ লাখ টাকা। এর আগে তুরস্ক সুপার লিগে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড ছিল গ্যালাতাসারাইয়ের নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেনের। গত মৌসুমে তিনি বছরে ১ কোটি ৫০ লাখ ইউরো পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছিলেন।
চুক্তি স্বাক্ষরের আগে বুধবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছালে হাজারো সমর্থক উষ্ণ অভ্যর্থনা জানান সালাহকে। ভক্তদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, 'সত্যি বলতে, আগে কখনো এমন অভ্যর্থনা পেয়েছি কি না মনে করতে পারছি না। এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। প্রায় ২৫ হাজার সমর্থকের উপস্থিতি সত্যিই অবিশ্বাস্য।'
লিভারপুলে টানা নয় বছর কাটিয়ে নতুন অধ্যায় শুরু করলেন সালাহ। ২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে অ্যানফিল্ডে যোগ দিয়ে ইংলিশ ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হন তিনি।
লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেছেন সালাহ। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ইয়ান রাশ (৩৪৬) ও রজার হান্টের (২৮৫) পর তৃতীয় স্থানে রয়েছেন তিনি। অলরেডদের হয়ে প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপসহ একাধিক শিরোপা জিতেছেন এই মিসরীয় কিংবদন্তি।