ব্রাহ্মণবাড়িয়ায় দুই আইসক্রিম কারখানাকে চার লাখ টাকা জরিমানা
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় বৈধ অনুমোদন ছাড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগে দুটি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সেখানে তৈরি করা আইসক্রিম জনসম্মুখে বিনষ্ট এবং কারখানা দুটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলী পৌরসভার ছয়বাড়িয়া এলাকার আইসক্রিম ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছে।
খাদ্য মানসম্মত নয় এমন রং ও ফ্লেভার ব্যবহার করা হচ্ছে। এছাড়া, উৎপাদিত আইসক্রিম খোলা অবস্থায় সংরক্ষণ করা এবং মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার মতো অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মুন্নী আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা এবং বৈশাখী আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় সংরক্ষিত আইসক্রিম জব্দ করে প্রকাশ্যে বিনষ্ট করা হয়।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলী প্রতিষ্ঠান দুটিকে প্রয়োজনীয় বৈধ অনুমোদন ও লাইসেন্স গ্রহণ এবং আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ না করা পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।