রংপুরের তারাগঞ্জে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রংপুরের তারাগঞ্জে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি।

রংপুরের তারাগঞ্জ উপজেলায় একই দিনে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে সাফায়াত (২) ও সিদরাতুল মুনতাহা (২) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের চাকলা গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে শিশু সাফায়াত। সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে সে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাফায়াত নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাংলীপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে।

অপরদিকে, দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দামোদরপুর মামুনপাড়া এলাকায় খেলতে গিয়ে পুকুরে ডুবে মারা যায় সিদরাতুল মুনতাহা (২)। সে ওই গ্রামের মহব্বত আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে পরিবারের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি অসাবধানতাবশত একটি ছোট পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করেন এবং দ্রুত তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের মর্মান্তিক এই দুটি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।