সালাতভিত্তিক সমাজব্যবস্থা কায়েমে কাজ করতে হবে: এমপি বুলবুল

সালাতভিত্তিক সমাজব্যবস্থা কায়েমে কাজ করতে হবে: এমপি বুলবুল

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে পরিপূর্ণভাবে আত্মনিয়োগই হবে প্রতিটি জামায়াতকর্মীর জীবনোদ্দেশ্য। আল্লাহর জমিনে সকল প্রকার জুলুমের অবসান ঘটাতে, মানবতার কল্যাণে এবং আল্লাহর হুকুমতের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিটি জামায়াতকর্মীকে ঈমানের দাবি নিয়ে এগিয়ে আসতে হবে। 

তিনি বলেন, নিয়মিত কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন এবং জামাতে নামাজ আদায়ের মাধ্যমে নিজেদের জ্ঞান বৃদ্ধি ও চরিত্র গঠন করতে হবে। সালাতভিত্তিক সমাজব্যবস্থা কায়েমের লক্ষ্যে কাজ করে যেতে হবে।

শুক্রবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সূত্রাপুর-কোতয়ালী-গেন্ডারিয়া জোন আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সার্বক্ষনিক জিকির ও ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে প্রতিটি জামায়াতকর্মী তার ঈমানকে মজবুতির মাধ্যমে আল্লাহর সন্তোষ অর্জনের চেষ্টা চালাবেন। 

জামায়াতের সূত্রাপুর-কোতয়ালী-গেন্ডারিয়া জোন পরিচালক ও মহানগরী অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসানের সভাপতিত্বে এবং জোন টিম সদস্য মাওলানা নেছার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোতয়ালী থানা আমির মাওলানা মতিউর রহমান, সূত্রাপুর থানা আমির দাইয়ান সালেহিন, সূত্রাপুর পূর্ব থানা আমির নোমান শিকদার, সূত্রাপুর থানা সেক্রেটারি সুলতানুর রহমান, গেন্ডারিয়া থানা সেক্রেটারি মাসুদ হেলাল জব্বার। এছাড়াও সূত্রাপুর-কোতয়ালী- গেন্ডারিয়া জোনের সব সাংগঠনিক থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।