সবাইকে নিয়ে দেশ গড়তে হবে : ডিএসসিসি প্রশাসক

সবাইকে নিয়ে দেশ গড়তে হবে : ডিএসসিসি প্রশাসক

সংগৃহীত ছবি

দেশের মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্ত না করে সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

শুক্রবার রাতে রাজধানীর টিকাটুলীর ভোলানন্দগিরি আশ্রমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সামাজিক, সাংস্কৃতিক ও দাতব্য প্রতিষ্ঠানগুলোর জাগরণ জরুরি। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ সমাজকে দেশ, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ ও মানবতার সঙ্গে যুক্ত করতে হবে। বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি থেকে মানুষ অনেকটা বিচ্যুত হয়ে গেছে। এর প্রভাব বিশেষ করে তরুণ সমাজের ওপর পড়ছে। তরুণদের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করা গেলে তাদের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি ভালোবাসা বাড়বে।

তিনি বলেন, এখন অনেকের চিন্তা শুধু ‘আমি কী পেলাম, কী পাব, কী পাচ্ছি না’ এমন ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। এর পরিবর্তে দেশের জন্য, ধর্মের জন্য ও মানবতার জন্য নিজেকে উৎসর্গ করার মানসিকতা তৈরি করতে হবে। তরুণদের মধ্যে এই চেতনা জাগাতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার।

মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, ভাষার জন্য রক্ত দেওয়া এবং সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের ইতিহাস বাংলাদেশের রয়েছে। মুক্তিযুদ্ধের সময় ধর্ম-বর্ণের বিভাজন ছিল না। হিন্দু-মুসলমান-বৌদ্ধ সবাই দেশ স্বাধীন করার জন্য একসঙ্গে লড়েছেন।