মেসিকে কোপা আমেরিকা খেলতে চাপ দেবে না আর্জেন্টিনা
সংগৃহীত ছবি
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ২০২৮ সালের কোপা আমেরিকায় খেলবেন কিনা সেই সিদ্ধান্ত পুরোপুরি তার নিজের ওপরই ছেড়ে দিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এ বিষয়ে মেসির ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হবে না বলে জানিয়েছেন এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া।
স্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তাপিয়া বলেন, ২০২৮ সালের কোপা আমেরিকায় খেলা বা না খেলার সিদ্ধান্ত সম্পূর্ণ মেসির ব্যক্তিগত বিষয়। তিনি যদি খেলতে চান সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৩৯ বছর বয়সী মেসি। পুরো আসরে আটটি গোল করার পাশাপাশি চারটি গোলে সহায়তা করেন তিনি। তবে বিশ্বকাপের পর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি আর্জেন্টাইন মহাতারকা।
তাপিয়া বলেন, ২০২২ বিশ্বকাপের পরও আমরা জানতাম না মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না। তখন তিনি বলেছিলেন, এক ম্যাচ করে এগোবেন। শেষ পর্যন্ত আমরা তার সেরা পারফরম্যান্সগুলোর একটি দেখেছি।
আর্জেন্টিনার হয়ে মেসির অর্জন অনন্য। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জয়ের পাশাপাশি ২০২২ বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করেন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। জাতীয় দলের জার্সিতে রেকর্ড ২০৭ ম্যাচ খেলে ১২৫ গোল করে তিনি আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
ইন্টার মায়ামির অধিনায়ককে প্রশংসায় ভাসিয়ে তাপিয়া বলেন, মেসিকে নিয়ে আমাদের গর্ব করা উচিত। তিনি যেন ফুটবল খেলা উপভোগ করেন, আমরা যেন তাকে উপভোগ করতে পারি এবং তিনি নিজের জন্য যেটি সঠিক মনে করেন, সেই সিদ্ধান্তই নেন।
এদিকে, আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও আশাবাদী তাপিয়া। চলতি বছরের শেষেই স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হবে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা জানিয়েছিলেন তিনি।
তাপিয়া বলেন, আমার পরিকল্পনা এ, বি ও সি সবই স্কালোনি। আমি চাই তিনি দায়িত্বে থাকুন, সবাই সেটিই চায়। তবে সিদ্ধান্ত তার। যদি তিনি মনে করেন নতুন করে সফল হওয়ার প্রেরণা বা পথ নেই। তাহলে তাকে জোর করে আটকে রাখা সম্ভব নয়।
২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়া স্কালোনি আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে সফল কোচ। তার অধীনেই টানা তিনটি বড় আন্তর্জাতিক শিরোপা জিতেছে আর্জেন্টিনা (২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা)।
জাতীয় দলকে সর্বকালের সেরা আখ্যা দিয়ে তাপিয়া বলেন, এই দল পুরো আর্জেন্টিনাকে আনন্দ দিয়েছে। তারা এমন একটি দল গড়েছে, যার সঙ্গে দেশের মানুষ নিজেদের সম্পৃক্ত মনে করে।