তুচ্ছ ঘটনায় মা-মেয়েকে নির্যাতনের অভিযোগ

তুচ্ছ ঘটনায় মা-মেয়েকে নির্যাতনের অভিযোগ

প্রতিকি ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশীদের নির্মম নির্যাতনে গুরুতর আহত হয়েছেন মা হাওয়া বেগম ও তার মেয়ে ফারজানা বেগম। হামলায় এসএসসি পরীক্ষার্থী ফারজানার বাম হাতের আঙ্গুল ভেঙে গেছে। উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রাম শনিবার সকালে এ হামলার ঘটনায় আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা বলেন, ১১ বছরের স্কুলছাত্র রবিউলকে মন্দ বলার কারণ জানতে চাওয়ায় প্রতিবেশী জামাল হাওলাদার, সোহেল হাওলাদার, নেছা বেগম, খাদিজা ও সুখী লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা হাওয়া বেগমকে মাটিতে ফেলে সারা শরীর পিটিয়ে জখম করে। সারা শরীরে কালো দাগ পড়ে যায়। এসময় মায়ের আর্তনাদ শুনে মেয়ে ফারজানা এগিয়ে এলে তার ওপর হামলা করে তার বাম হাতের একটি আঙ্গুল ভেঙে দেয়। এবিষয়ে আহতদের পরিবার আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। তবে এ ঘটনায় হামলাকারী জামাল হাওলাদারের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।