জামালপুরে দুই শহিদের কবর জিয়ারত করল যুবদল
সংগৃহীত ছবি
জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ সাফওয়ান আখতার সদ্য ও মো. সুমন হাসানের কবর জিয়ারত করেছে জামালপুর জেলা যুবদল।
শনিবার (৮ আগস্ট) বিকেলে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে শহিদ সাফওয়ান আখতার সদ্য ও মো. সুমন হাসানের কবর জিয়ারত করা হয়।
এ সময় যুবদল নেতা ইকরামুল হক মানিক, মো. হাবিবুর রহমান রতন, মো. ইমরান কায়সারসহ শহিদ সাফওয়ান ও সুমনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, 'জুলাই আন্দোলনে সকল শহিদ ও আহতদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ১৭ বছরের জুলুম-নির্যাতন থেকে মুক্তি এবং একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই কৃতজ্ঞতা আমরা আজীবন স্বীকার করতে চাই।'
তিনি আরও বলেন, 'শুধু জুলাই আন্দোলনে শহিদরাই নয়, গত ১৭ বছরে গুমের শিকার হয়ে যাদের এখনো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি, সেইসব পরিবারের সদস্যদের পাশে যেকোনো প্রয়োজনে সন্তানের মতো আমরা পাশে থাকতে চাই।'