খাটে মা-ছেলের মরদেহ, যশোরে রহস্যজনক মৃত্যু

খাটে মা-ছেলের মরদেহ, যশোরে রহস্যজনক মৃত্যু

প্রতীকী ছবি

যশোরের বাঘারপাড়ায় নিজ ঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা, না আত্মহত্যা- তা এখনও কেউ বলতে পারেননি।

শনিবার (৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় পশু চিকিৎসক আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, মৃত গৃহবধূর নাম জুবায়দা খাতুন (৩২) ও তার মৃত ছেলের নাম জিসান (৬)। গৃহবধূর স্বামীর নাম জাকির হোসেন।

রাত ৯টার দিকে আক্তার হোসেন খবর পান জাকিরের স্ত্রী ও শিশু ছেলের মরদেহ খাটের উপর পড়ে আছে।

তিনি ঘরে ঢুকে দেখেন, খাটের উপর ছেলে জিসানের হাত ও পা গামছা দিয়ে বাঁধা আছে। একই খাটে জিসানের মা জুবায়দার গলায় ওড়না প্যাঁচানো রয়েছে। তবে ওড়নার দুই প্রান্ত জুবায়দার দুই হাতে ধরা আছে। এরপর আক্তার জিসানের বাবা জাকির হোসেনকে খবর দেন।

এসময় বহরামপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন জাকির।

সংবাদ পেয়ে রাত ১০টার দিকে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এসআই পলাশ সাংবাদিকদের জানিয়েছেন, মৃত মা ও ছেলেকে দেখে মনে হচ্ছে না বিষয়টি আত্মহত্যা। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত না করে কিছুই বলা যাবে না।

প্রতিবেশী একজন জানিয়েছেন, এ পরিবারের তেমন কোনো শত্রু নেই। হয়ত জুবায়দা তার শিশু ছেলেকে জিসানকে আগে হত্যা করে পরে নিজেই আত্মহত্যা করেছেন।

জুবায়দার ছোট বোন পিনজিরা জানিয়েছেন, জাকির দীর্ঘদিন বিদেশ ছিলেন। এক বছর আগে তিনি বাড়ি এসেছেন। 

রাত ১২টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, ঘটনাটি সন্দেহজনক। আত্মহত্যা মনে হচ্ছে না। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।