বাল্যবন্ধুর বিয়েতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু
সংগৃহীত ছবি
কুষ্টিয়ার খোকসায় বিয়েবাড়ির দাওয়াত খেয়ে হাত ধুতে গিয়ে পা পিছলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ওই পলিটেকনিক শিক্ষার্থী গোপি বিশ্বাস (২১) খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের গৌতম বিশ্বাসের ছোট ছেলে। তিনি কুষ্টিয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের একটি বিয়েবাড়ির বউভাত অনুষ্ঠানে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাল্যবন্ধু নিশিতের বিয়ের বউভাত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গোপি বিশ্বাস পরীক্ষার ফাঁকে শনিবার হোস্টেল থেকে বাড়ি আসেন। বিয়েবাড়ি গিয়ে খাওয়াদাওয়ার শেষে হাত ধুতে যাচ্ছিলেন। এর মধ্যে পা পিছলে বিদ্যুতের (ইলেকট্রিক) গেটের ওপর পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় আশপাশের লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপি বিশ্বাসের মা শিখা বিশ্বাস বলেন, নিজেকে কী দিয়ে প্রবোধ দেব? কী কারণে ব্যাটাকে ডেকে আনলাম। এ সময় তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন পরিবারের লোকেরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আনোয়ার জানান, পলিটেকনিক শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।