মসজিদের ছাদ পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে সিসিক কর্মীর মৃত্যু

মসজিদের ছাদ পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে সিসিক কর্মীর মৃত্যু

প্রতিকি ছবি

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিটি করপোরেশনের (সিসিক) এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। রবিবার দুপুরে নগরের ছড়ারপাড় জামে মসজিদের ছাদ পরিষ্কার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম নাইম (২০)। তিনি নগরের শেখঘাট ভাঙাটিকরপাড়ার মুহিবুর রহমানের ছেলে। আহত দুজন হলেন একই এলাকার ইলিয়াস আলীর ছেলে অপু এবং শিবগঞ্জ খাঁরপাড়া এলাকার আল-আমিন।

জানা গেছে, ছড়ারপাড় জামে মসজিদের ছাদ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে সিসিকের তিন শ্রমিক সেখানে যান। কাজের একপর্যায়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়। আহত অপর দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, নাইমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।