চাঁদপুরের সিভিল সার্জনের বদলির আদেশ দুই ঘণ্টা পর প্রত্যাহার
সংগৃহীত ছবি
চাঁদপুরের দায়িত্ব অবহেলার অভিযোগে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে বদলির নির্দেশের দুই ঘণ্টার মধ্যে তা আবারও প্রত্যাহার করা হয়েছে। রবিবার(৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান।
এ সময় মন্ত্রী হাসপাতালের নানা অনিয়ম এবং তিনদিন আগে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন ও ডেঙ্গু রোগীদের জন্য ইনজেকশন শেষ হওয়ার বিষয়টি দেখতে পান। পরে তিনি মুঠোফোনে মন্ত্রণালয়ের কর্মকর্তাকে দায়িত্ব অবহেলার কারণে সিভিল সার্জনকে বদলির নির্দেশ দেন।
এরপর দুপুর দেড়টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিভিল সার্জন এসব ভুলের জন্য ক্ষমা চাইলে বদলি প্রত্যাহার করে নেন। বিকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন দুঃখ প্রকাশ করেন এবং তার বদলি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
এদিন সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আকস্মিক সফরে চাঁদপুরে আসেন। তিনি সকাল ১০টায় জেলার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
দুপুর ১২টায় মন্ত্রী চলে আসনে চাঁদপুর ২৫০শয্যা সরকারি জেনারেল হাসপাতালে। এই হাসপাতালের রোগীদের খাবার মন্ত্রী নিজে খেয়ে মান যাচাই করেন ও স্বাস্ব্যসেবা ব্যবস্থা পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এরপর বিকালে মন্ত্রী জেলার মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে তিনি দায়িত্বরত কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে হাসপাতালের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।