খুলনায় খাদ্য কর্মকর্তার ওপর হামলা, ছুরিকাঘাত
সংগৃহীত ছবি
খুলনা মহানগরীর ফরাজীপাড়ায় বাজার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাস। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যার পর ওই এলাকার আকবর স্টোরের সামনে ৫ থেকে ৬ জনের একটি দল তাকে ঘিরে ধরে মারধর করে।
এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে হামলাকারীরা।
আহত অনিন্দ্য কুমার দাসকে প্রথমে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত কর্মকর্তা জানান, সন্ধ্যার পর ফরাজীপাড়ার আকবর স্টোর থেকে বাজার করে বের হচ্ছিলেন তিনি।
দোকানের সামনে আসার পর ৫-৬ জন ব্যক্তি তাঁর ওপর আকস্মিকভাবে হামলা চালায়। তারা তাঁকে এলোপাতাড়ি মারধর করে এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তবে কী কারণে বা পূর্বশত্রুতার জেরে তার ওপর এ হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্য একটি সূত্র জানায়, আহত খাদ্য কর্মকর্তা শহর খাদ্য নিয়ন্ত্রক পদের একজন কর্মকর্তা। তিনি বিগত আওয়ামী লীগ আমলে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে একটি আলিশান বাড়ি করেছেন। ডিলার ও মিলারদের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
কেননা, বিগত আওয়ামী লীগের আমলে সাবেক ছাত্রলীগ ও পরের যুবলীগ নেতা শফিকুর রহমান পলাশের সঙ্গে সখ্য গড়ে তুলে ব্যাপক অবৈধ অর্থ আয় করেছেন। তার সঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের একজন হিসাব বিভাগের কর্মকর্তারও যোগসাজশ ছিল।
এসব নানা কারণে তার ওপর ক্ষীপ্ত হয়ে এমন হামলার ঘটনা ঘটতে পারে বলেও অনেকের আশঙ্কা।
তবে হামলার প্রকৃত কারণ অনুসন্ধানে গোয়েন্দা সংস্থাগুলোও তৎপরতা শুরু করেছে।