সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী নিহত
সংগৃহীত ছবি
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া সেতুর ঢালে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ইয়াসিন আরাফাত (২১) নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) রাত সোয়া ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হারুন আর রশিদ।
নিহত ইয়াসিন আরাফাত বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া সেতুর ঢালে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইয়াসিন গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, দুর্ঘটনার পর নিরাপদ সড়কসহ চার দফা দাবিতে রাত পৌনে ৯টার দিকে মহাসড়ক অবরোধ করেন ববি শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা পর রাত পৌনে ১০টার দিকে তারা অবরোধ তুলে নেন। এর কিছুক্ষণ পর ইয়াসিনের মৃত্যুর খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা আবারও মহাসড়ক অবরোধ করেন। রাত সাড়ে ১১টায় পর্যন্ত ফের এ অবরোধ চলছিল।
প্রসঙ্গত, রোববার বিকালের এ দুর্ঘটনায় বাকেরগঞ্জের বাসিন্দা রিফাত (২০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গুরুতর আহত অবস্থায় আরও তিন যাত্রী বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।