কক্সবাজারে নকল বিড়ি ও সিগারেটসহ আটক ২

কক্সবাজারে নকল বিড়ি ও সিগারেটসহ আটক ২

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গাবাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি ও সিগারেট জব্দ করেছে উখিয়া থানা পুলিশ। রবিবার বিকালে উখিয়া উপজেলার বালুখালি বাজারে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় নকল বিড়ি ও সিগারেটসহ অভিযুক্ত ২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে নকল আকিজ বিড়ি উৎপাদন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সাকিনের অর্ন্তগত রোহিঙ্গাবাজারে বাজারে অভিযান চালানো হয়। এসময় ৫০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি, চার হাজার পাঁচশত শলাকা চায়না ব্ল্যাক সিগারেট, ৩ হাজার শলাকা হিলটন সিগারেট এবং ৭২ হাজার শলাকা নকল মাস্টার বিড়ি উদ্ধার করা হয়।

অভিযানকালে মো. সাগর ও মো. ইউনুছ নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মো. সাগর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মোঃ সাবাজ মন্ডলের ছেলে এবং মো. ইউনুছ কক্সবাজার জেলার টেকনাফ থানার আবুল হোসাইন এর ছেলে।

আকিজ বিড়ি ফ্যাক্টরির কর্মকর্তারা জানান, মো. সাগর বাংলাদেশ সেনাবাহিনীর চাকুরিচ্যুত কর্মী। সে কুষ্টিয়া জেলায় নকল বিড়ি উৎপাদন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। এর আগে নকল সরকারী স্ট্যাম্প ব্যান্ডরোল মোড়ানো সরকারের রাজস্ব কর ফাঁকি দেওয়া নকল বিড়ি বিক্রির মামলায় সাজাপ্রাপ্ত আসামি। সে দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক টিম গঠন করে তাদের মাধ্যমে নকল বিড়ি ও সিগারেট সরবরাহ করে থাকে।

এ ঘটনায় আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের এরিয়া ম্যানেজার (মার্কেটিং) মাশোক ইলাহী বাদি হয়ে উখিয়া থানায় মো. সাগর ও মো. ইউনুছ নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে বিবাদী করে একটি এজাহার দাখিল করেছে।  

উখিয়া থানার এসআই(নিঃ) উনুমং মারমা জানান, অভিযানে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ বিড়ি ও সিগারেট জব্দ করা হয়েছে। অভিযুক্ত ২ জনকে আটক করে মামলা দায়ের করা হয়েছে। নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলোরেন্স নীতি চালু রয়েছে। ফলে দেশের রাজস্ব ফাঁকি দিবে এমন কাউকে ছাড় দেয়া হবে না। নকলের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।