দক্ষিণ আফ্রিকার কেপটাউনে তিনটি বন্দুক হামলায় নিহত ১১
সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার কেপটাউন মহানগর এলাকায় পৃথক তিনটি গোলাগুলির ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ সার্ভিসের (এসএপিএস) বরাত দিয়ে সোমবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
দক্ষিণ আফ্রিকা পুলিশ সার্ভিসের (এসএপিএস) তথ্যানুযায়ী, স্থানীয় সময় রবিবার (৯ আগস্ট) কেপটাউনের খায়েলিটশা, লাঙ্গা ও গুগুলেথু শহরতলীতে এসব গোলাগুলির ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ঘটনাগুলোর তদন্ত শুরু হয়েছে।
প্রথম হামলায় খায়েলিটশার লিঙ্গেলেথু ওয়েস্ট এলাকায় ২৫, ৩১ এবং ৩৫ বছর বয়সী তিন যুবক গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। এর কিছু পরই লাঙ্গার কোয়ালঙ্গা এলাকার উইনি ম্যান্ডেলা স্ট্রিটে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে, যেখানে চারজন পুরুষ ও একজন নারী নিহত হন।
এছাড়া গুগুলেথুর বার্সেলোনা নামের একটি অস্থায়ী বসতিতে তৃতীয় হামলায় দুই পুরুষ ও এক নারী নিহত হন। এ সময় বন্দুকধারীদের গুলিতে আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নতুন কোনো সহিংসতা এড়াতে গোলাগুলিস্থলসহ আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওয়েস্টার্ন কেপ প্রাদেশিক পুলিশ কমিশনার লেফটেনেন্ট জেনারেল সিজাখেলে দিয়ান্তি জানান, তাৎক্ষণিকভাবে হামলার মূল কারণ বা উদ্দেশ্য বের করা সম্ভব হয়নি। তবে ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে জোর তৎপরতা চালানো হচ্ছে।
হামলাকারীদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীর জন্য ১ লাখ দক্ষিণ আফ্রিকান রেন্ড (প্রায় ৬ হাজার ১৮৫ মার্কিন ডলার) পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। একই সাথে এই অঞ্চলে গ্যাং সহিংসতা ও অবৈধ আগ্নেয়াস্ত্রের আধিপত্যকে নিরাপত্তা বিভাগের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন পুলিশ কমিশনার।