কারণ ছাড়াই বাড়ছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারদর

কারণ ছাড়াই বাড়ছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারদর

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারদর ধারাবাহিকভাবে বাড়ছে। কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছে। এর জবাবে শেয়ার দর বাড়ার কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স।

রোববার (৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারদর ১ জুন ছিল ৪১ টাকা ৫০ পয়সা। গত ৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকা ৬০ পয়সায়। দুই মাসের ব্যবধানে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৬ টাকা ১০ পয়সা বা প্রায় ৬৩ শতাংশ।

কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক ভাবে বাড়ার কারণে ডিএসই থেকে কোম্পানিটির নিকট ব্যাখ্যা চায়। এর জবাবে কোম্পানিটি জানিয়েছে, শেয়ারদর বাড়ার কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তাদের নিকট নেই।

সম্প্রতি প্রকাশিত কোম্পানির আর্থিক প্রতিবেদনে পর্যালোচনা করে দেখা গেছে, চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন, ২০২৬ পর্যন্ত প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৬ পয়সা।

গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৭৬ পয়সা।