ইনফান্তিনোর বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা: ফিফা

ইনফান্তিনোর বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা: ফিফা

জিয়ান্নি ইনফান্তিনো

জিয়ান্নি ইনফান্তিনোকে দুর্বল ও খাটো করার জন্য একটি ‘সমন্বিত ও চলমান প্রচেষ্টা’ নিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছে ফিফা। গত পরশু রাতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, সভাপতির নেতৃত্বকে চ্যালেঞ্জ করার যে কোনো প্রচেষ্টা অবশ্যই ফিফার গঠনতন্ত্র ও গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে।

ফিফার বিবৃতিটি এমন একসময়ে এসেছে, যখন উয়েফা নিশ্চিত করেছে যে, ইনফান্তিনো যখন ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন, তখন তার সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠা এক নারী কর্মীকে বিদায়কালীন অর্থ প্রদান করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানায়, ওই নারী ছয় অঙ্কের অর্থ পেয়েছেন এবং উয়েফা একটি এমবিএ কোর্সের ফি প্রদানের পাশাপাশি অর্থ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে।

ফিফার একজন মুখপাত্র টেলিগ্রাফকে বলেছেন যে, ইনফান্তিনো এই অভিযোগগুলো ‘জোরালোভাবে অস্বীকার করেছেন এবং এগুলো সম্পূর্ণ মিথ্যা।’ নতুন অভিযোগের আগে পুরোনো সংকট তো ছিলই।

বিশ্বকাপ এবং অন্যান্য টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রি করে প্রায় ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহের ইনফান্তিনোর প্রস্তাবটি ভেস্তে যাওয়ার পর তার নেতৃত্ব নিয়ে তিক্ত অচলাবস্থা এখনো চলছে। উয়েফা ও কনকাকাফ তার পদত্যাগের দাবিতে অনড়।

গত সপ্তাহে মরক্কোতে একটি সংকটকালীন বৈঠকে ফিফার নেতৃত্ব তাদের সভাপতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। তবে তাতেও ইনফান্তিনোর সংকট কাটেনি। উয়েফা জানায়, ব্যর্থ পরিকল্পনার জন্য ইনফান্তিনো ক্ষমা চাওয়া সত্ত্বেও ইউরোপের সব দেশ বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বর্জন করতে পারে।

ক্রমশ জটিল হয়ে পড়া পরিস্থিতির প্রেক্ষাপটে পালটা বিবৃতিতে সতর্কবার্তা দিল ফিফা, ‘এটা ক্রমশ স্পষ্ট হয় উঠছে যে, ফিফা এবং এর সভাপতিকে দুর্বল করার জন্য কিছু মানুষের একটি সুসংহত ও চলমান প্রচেষ্টা রয়েছে। যাদের ফিফার সদস্য সংগঠনগুলোর সমর্থন নেই, ফিফার প্রতিষ্ঠিত গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যা অর্জন করা যায় না, তা অভিযোগ, ইঙ্গিত বা ভুল তথ্যের মাধ্যমে অর্জন করার চেষ্টা তাদের করা উচিত নয়। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে ফিফা এবং এর সভাপতিকে নিয়ে ভিত্তিহীন দাবি এবং সুস্পষ্টভাবে মিথ্যা অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। জল্পনা ও ইঙ্গিতকে সত্য হিসাবে উপস্থাপন করা উচিত নয় এবং কোনো অভিযোগের পুনরাবৃত্তি তাকে সত্য প্রমাণ করে না।’ তদন্ত নিয়ে ফিফার আপত্তি নেই বলেই বিবৃতিতে দাবি করা হয়েছে।