আবারও জেন-জি বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড
ছবিঃ সংগৃহীত।
দিল্লি, কলকাতার পর জেন-জিদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের ঝাড়খণ্ড। সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে টানা বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সোমবার সকালে রাজ্যের বিধানসভা অভিমুখে মিছিল শুরু করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাঁচীর পথে রাখা ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিধানসভার দিকে।
পরে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। তবে তাতে দমে না যায়নি বিক্ষোভকারীরা।
সরকারপক্ষের সঙ্গে তিন দফার বৈঠক ভেস্তে গেছে শিক্ষার্থীদের। তাদের দাবি, নিয়োগ পরীক্ষায় অনিয়মের তদন্তের দায়িত্ব দিতে হবে সিবিআইকে। পরীক্ষা পদ্ধতির সংস্কারও করতে হবে। হেমন্তের সরকার সেই দাবি মানেনি। তার পরেই আন্দোলনকারীরা সোমবার পুরনো বিধানসভা থেকে নতুন বিধানসভা পর্যন্ত মিছিল করে যাওয়ার ডাক দেন। শান্তিপূর্ণ ভাবে সেই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান ঝাড়খণ্ডের সব জেলার শিক্ষার্থী ও অভিভাবকদের। সে অনুযায়ী, সোমবার হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে মুখে স্লোগান দিতে দিতে এগোতে থাকেন তারা। তাদের অভিযোগ, পথে ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন জানায়, আধ ঘণ্টা মিছিল চলার পরে বিধানসভা কমপ্লেক্স থেকে ৩ কিলোমিটার দূরে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়। সেখানেই তারা বসে পড়েন। তাদের সঙ্গে অ্যাম্বুল্যান্সে চেপে এসে যোগ দেন অনশনকারী ছাত্র দেবেন্দ্রনাথ। গত আট দিন ধরে অনশন করছেন তিনি। এর পরে ব্যারিকেড ভেঙে আবার এগোনোর চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যবহার করে।
সূত্র: আনন্দবাজার অনলাইন