সুন্দরগঞ্জে তীব্র তাপদাহের মাঝে তালগাছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সুন্দরগঞ্জে তীব্র তাপদাহের মাঝে তালগাছে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সংগৃহীত ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পাশাপাশি তিনটি তালগাছে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খুজিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ পাশাপাশি তিনটি তালগাছে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা গাছগুলোর ওপরের অংশে ছড়িয়ে পড়লে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে আগুন আশপাশের গাছপালা ও স্থাপনায় ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে রক্ষা পাওয়া যায়।

পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আল আমিন বলেন, খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র তাপদাহের কারণে তালগাছগুলোর শুকনো অংশে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত ছাড়া আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।