চাঁদপুরে এসএসসি ফলাফলে শীর্ষে মাতৃপীঠ, দ্বিতীয় আল-আমিন

চাঁদপুরে এসএসসি ফলাফলে শীর্ষে মাতৃপীঠ, দ্বিতীয় আল-আমিন

সংগৃহীত

চাঁদপুর জেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যালয়গুলোর মধ্যে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে আল-আমিন একাডেমি এবং তৃতীয় অবস্থানে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়।

সোমবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো থেকে এ তথ্য জানা গেছে।

ফলাফল অনুযায়ী, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৩৭ জন শিক্ষার্থী। তন্মধ্যে উত্তীর্ণ ২২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন। পাসের হার ৯৬ দশমিক ৬৭ শতাংশ।

ফলাফলে ২য় অবস্থানে থাকা আল-আমিন একাডেমি থেকে পরীক্ষায় অংশ নেয় ৮৩৫ জন। উত্তীর্ণ ৭৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন। পাসের হার ৯৩ দশমিক ৮৯ শতাংশ।

অপরদিকে, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ২৩২ জন। উত্তীর্ণ ২০৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। পাসের হার ৮৯ দশমিক ৬৬ শতাংশ।

এদিকে, চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে ৭০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ১০০ শতাংশ। এবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

সামগ্রিক ফলাফলে পাসের হার ও জিপিএ-৫-দুই সূচকেই চাঁদপুর সদরের বিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তবে শতভাগ পাসের দিক থেকে এগিয়ে রয়েছে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল।