গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

প্রতিকি ছবি

 

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রীকে (১৪) উদ্ধারসহ ৩ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যার। গ্রেফতাররা জেলা সুন্দরগঞ্জ উপজেলার সমস এলাকার আশরাফল ইসলামের ছেলে বেলাল হোসেন (৩৩) ও মো. বিদ্যুৎ (২৮), বেড়াডাঙ্গা বাজার এলাকার মৃত মছলিম উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৩৫)।

সোমবার (১০ আগস্ট) রাতে র‌্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে রবিবার মধ্যরাতে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস এলাকা থেকে তাদের গ্রেপ্তারসহ অপহৃতকে ইদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী স্কুলছাত্রী উপজেলার ধর্মপুর পি.এন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। ভুক্তভোগী বিদ্যালয়ে যাতায়াতের সময় বেলাল হোসেন প্রেম নিবেদনসহ উত্যক্ত করতো। ওই ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে তার পরিবারকে জানায়। ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের পরিবারকে বিষয়টি জানালে তারা আরো ক্ষুব্ধ হয়ে বিভিন্ন ভয়ভীতি ও অপহরণের হুমকি দেয়।

এরই একপর্যায়ে গত ৩১ জুলাই সকালে ভুক্তভোগী বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে বেলাল হোসেন তার সহযোগীদের নিয়ে ভুক্তভোগীকে জোরপূর্বক সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যায়। ভুক্তভোগীর ব্যাপারে বেলালের বাবা-মাকে জানালে তারা স্কুলছাত্রীকে খুঁজে দেওয়ার আশ্বাস দিলেও পরে আর খুঁজে দেয় নাই।

পরে গত ৫ আগস্ট ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর আসামিরা আত্মগোপনে চলে যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় রবিবার মধ্যরাতে র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা অভিযান পরিচালনা করে উপজেলার সমস এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তারসহ অপহৃতকে উদ্ধার করা হয়।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভুক্তভোগী ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।