পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

 

পটুয়াখালীর গলাচিপায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মাসুম বিল্লাহ্ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোট কাজল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ্ ওই গ্রামের মো. শাকিল খন্দকার ও রিনা বেগম দম্পতির একমাত্র ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, জীবিকার তাগিদে শিশুটির বাবা শাকিল ও মা রিনা ঢাকায় থাকেন।

এ কারণে মাসুম তার দাদা-দাদির সাথে গ্রামের বাড়িতে থাকত। সকালে মাসুমকে দাদি খাবার খাওয়ান। এরপর খেলার ছলে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। স্বজনরা মাসুমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটিকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে।

দ্রুত তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার সেকেন্ড অফিসার মো. সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি একটি অনাকাক্সিক্ষত দুর্ঘটনা বলে জানা গেছে। শিশুটির বাবা-মা ঢাকা থেকে আসতেছেন। বাবা-মা এসে পৌছার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।