শিক্ষার্থীদের মধ্যে ২৫টি ল্যাপটপ বিতরণ

শিক্ষার্থীদের মধ্যে ২৫টি ল্যাপটপ বিতরণ

ছবি: প্রতীকী

উত্তরাঞ্চলের জলবায়ু ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার সুযোগ বাড়াতে ২৫টি ল্যাপটপ দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের যৌথ উদ্যোগে ওই ল্যাপটপ দেওয়া হয় বলে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিবৃতিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হক বলেন, “গত এক বছরে ফ্রেন্ডশিপ-এর সঙ্গে আমাদের এই উদ্যোগ চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন এনেছে। পাঁচটি বিদ্যালয়ে ইতোমধ্যে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ চালু হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতির হার ও পরীক্ষার ফলাফলে উন্নতি হয়েছে। এছাড়া ল্যাপটপগুলো শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার সুযোগের সদ্ব্যবহার করতে সাহায্য করবে করবে।

‌‌ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান বলেন, দুর্গম চরাঞ্চলের একটি শিশুর হাতে ল্যাপটপ তুলে দেওয়ার অর্থ কেবল প্রযুক্তিগত সুবিধা দেওয়াই নয়; বরং তার সামনে একটি জ্ঞানের দ্বার উন্মোচন করে দেওয়া। শুধু তাই নয় এর মাধ্যমে সে চরের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত করার সুযোগ পায়। পাশাপাশি আরও বৃহৎ পরিসরে স্বপ্ন দেখার ক্ষেত্রে শিশুটি আত্মবিশ্বাসী হয় এবং তার মনে জাগে মর্যাদাবোধ ও নতুন আশার আলো।

স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং ফ্রেন্ডশিপ ২০১৬ সাল অর্থাৎ আট বছরেরও বেশি সময় ধরে প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করছে বলে বিবৃতিতে জানিয়েছে।