লালমনিরহাটে মাদক মামলায় দুই জনের সশ্রম কারাদণ্ড

লালমনিরহাটে মাদক মামলায় দুই জনের সশ্রম কারাদণ্ড

ফাইল ছবি

‎​লালমনিরহাটে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

​বুধবার (১২ আগস্ট) জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার শিবরাম গ্রামের মৃত জহুরুলের ছেলে মো. আতাউর রহমান (২৭) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে জিয়ন(২৭)।

‎​মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২এপ্রিল রাতে লালমনিরহাট সদর থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বড়বাড়ী ইউনিয়নের রুদ্ররাম এলাকায় অভিযান চালায়। ওই সময় মাদক কেনাবেচার সময় আতাউর রহমানকে আটক করা হয়। তবে অপর আসামি জিয়ন পালিয়ে যান। পরবর্তীতে আতাউরের কাছে থাকা হ্যান্ডব্যাগ তল্লাশি করে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন। ‎​এই রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে এমন রায় সমাজে একটি ইতিবাচক বার্তা বয়ে আনবে।