যশোরে নকল মবিল তৈরির কারখানায় র্যাবের অভিযান, মালিকের কারাদণ্ড
ফাইল ছবি
যশোর-মাগুরা মহাসড়কের পাশে এলপিজি ফিলিং স্টেশনের আড়ালে গড়ে ওঠা একটি অটোমোবাইল কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন নামি ব্র্যান্ডের নকল মবিল তৈরির সরঞ্জাম জব্দ করেছে র্যাব। এ ঘটনায় কারখানার মালিক ইলিয়াস হোসেনকে এক লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশন-সংলগ্ন রিজিয়া এলপিজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শনের পেছনে অবস্থিত ‘নিসা অটোমোবাইলসে’ অভিযান চালানো হয়।
অভিযানে বাজাজ, হিরো, টিভিএস, ইন্ডোম্যাক্স ও মিন্ডাসহ বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত মবিলের বোতল, প্যাকেজিং সামগ্রী, রাসায়নিক এবং নকল মবিল তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স বলেন, উদ্ধার করা আলামত যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দিন বলেন, বিভিন্ন ব্র্যান্ডের নকল মবিল তৈরির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় কারখানার মালিককে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।