কুড়িগ্রাম সদর হাসপাতালে চালু হলো এন্ডোস্কপি সেবা

কুড়িগ্রাম সদর হাসপাতালে চালু হলো এন্ডোস্কপি সেবা

সংগৃহীত

দীর্ঘদিনের প্রত্যাশার পর কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম সদর হাসপাতালে চালু হয়েছে এন্ডোস্কপি সেবা।

‎বুধবার (১২ আগস্ট) থেকে হাসপাতালটিতে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হওয়ায় জেলার সাধারণ রোগীদের চিকিৎসাসেবায় নতুন একটি সুযোগ যুক্ত হলো।

এন্ডোস্কপি পরীক্ষার প্রয়োজন হলে এতদিন অনেক রোগীকেই কুড়িগ্রামের বাইরে বিভিন্ন হাসপাতাল ও বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হতো। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি সময় ও যাতায়াতের ভোগান্তি পোহাতে হতো রোগী ও স্বজনদের। সদর হাসপাতালে এ সেবা চালু হওয়ায় সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

‎হাসপাতালে আসা রবিউল ইসলাম বলেন, এখন থেকে আমরা ভালো ভাবে চিকিৎসা নিতে পারবে। হাসপাতালের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

‎কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, কুড়িগ্রামের মতো সীমান্তবর্তী ও তুলনামূলকভাবে পিছিয়ে থাকা জেলার মানুষের জন্য সরকারি হাসপাতালে বিশেষায়িত পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে একদিকে রোগীদের অর্থ ও সময় সাশ্রয় হবে, অন্যদিকে জেলা পর্যায়েই চিকিৎসাসেবার সক্ষমতা বাড়বে। সেই সঙ্গে হাসপাতালে চিকিৎসক সংকট দূর করতে স্বাস্থ্য বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।

কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ জানান, বিশেষ করে পাকস্থলী ও পরিপাকতন্ত্রের বিভিন্ন জটিলতা শনাক্ত করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্ডোস্কপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে এ ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা চালু হওয়ায় দ্রুত রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার সুযোগ আরও বাড়বে।