বরগুনায় কোস্ট গার্ডের অভিজানে নিষিদ্ধ শাপলা পাতা মাছ ও গিটার মাছ জব্দ
ছবিঃ সংগৃহীত।
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা ও গিটার মাছ জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ করা এসব মাছের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ২৫ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের বিএফডিসি ঘাট এলাকার বিভিন্ন মাছের আড়তে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পাথরঘাটা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিএফডিসি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মাছের আড়তে তল্লাশি চালিয়ে ৪৪০ কেজি শাপলা পাতা ও ২৫০ কেজি গিটার মাছ পাওয়া যায়। পরে মাছগুলো জব্দ করা হয়। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ২৫ হাজার টাকা। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাছের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে পাথরঘাটা বন বিভাগের সংশ্লিষ্টদের উপস্থিতিতে জব্দ করা শাপলা পাতা ও গিটার মাছ ধ্বংসের উদ্দেশ্যে মাটিতে পুঁতে ফেলা হয়।
লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বলেন, বিলুপ্তপ্রায় সামুদ্রিক প্রাণী ও মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ প্রজাতির মাছ আহরণ, সংরক্ষণ ও বেচাকেনার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।