কুড়িগ্রামে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
প্রতিকি ছবি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধারসহ শহিদুল ইসলাম (৪০) ওরফে ‘ট্যাবলেট শহিদুল’কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।
এর আগে বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে উপজেলার বাগভান্ডার সোনাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শহিদুল ওই এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে একটি দল ছদ্মবেশে অভিযানিক দল অভিযান চালায়। এ সময় শহিদুলের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
শহিদুল দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের উঠতি বয়সী কিশোরদের মাদকাসক্ত করে তোলার অভিযোগ রয়েছে।
পাশাপাশি দিনাজপুর ও রংপুরের বিভিন্ন উপজেলায় মাদক সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
জানা গেছে, শহিদুলকে গ্রেফতারে এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একাধিকবার অভিযান চালালেও বিভিন্ন কৌশলে তিনি গ্রেফতার এড়িয়ে যান। এবার পুলিশের সাঁড়াশি অভিযানে তাকে মাদকসহ গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, এ নিয়ে চতুর্থবারের চেষ্টায় মাদকসহ শহিদুলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
তার সঙ্গে ভারতীয় মাদক কারবারিদের সরাসরি যোগাযোগ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।