ছোট ভাইয়ের স্ত্রীর লাথিতে পল্লী চিকিৎসক নিহত

ছোট ভাইয়ের স্ত্রীর লাথিতে পল্লী চিকিৎসক নিহত

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর লাথিতে বড় ভাই মামুন মিয়া (৪৫) নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হালিমা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাত ৮টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামের মৃধাবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মামুন মিয়া মাঝিয়ারা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক ছিলেন। স্থানীয় মাঝিয়ারা বাজারে তার একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান রয়েছে।

পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মামুন মিয়ার স্ত্রী নয়ন তারার সঙ্গে তার ছোট ভাই সুমনের স্ত্রী হালিমা খাতুনের বিরোধ চলছিল।

এরই জের ধরে বুধবার রাতে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় হালিমা খাতুন ভাসুর মামুন মিয়ার বুকে লাথি মারলে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী নয়ন তারা বাদী হয়ে হালিমা খাতুনকে আসামি করে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলার আসামি হালিমা খাতুনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।