বক্সিং রিংয়ে গুরুতর চোট, ১১ বছরের লড়াই শেষে প্রিচার্ড কোলনের মৃত্যু

বক্সিং রিংয়ে গুরুতর চোট, ১১ বছরের লড়াই শেষে প্রিচার্ড কোলনের মৃত্যু

সংগৃহীত ছবি

বক্সিং রিংয়ে গুরুতর মস্তিষ্কের চোট পেয়ে ১১ বছর পর মারা গেলেন সাবেক পুয়ের্তোরিকান বক্সার প্রিচার্ড কোলন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।

গত বৃহস্পতিবার রাতে ফেসবুকে ছেলের মৃত্যুর খবর জানান কোলনের বাবা রিচার্ড কোলন। মৃত্যুর সময় কোলন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পরিবারের সঙ্গে ছিলেন।

একসময় বক্সিংয়ের অন্যতম সম্ভাবনাময় তারকা হিসেবে বিবেচিত কোলন ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের বক্সার টেরেল উইলিয়ামসের বিপক্ষে লড়াইয়ে গুরুতর আহত হন। ওই ঘটনার পর তার জীবন পুরোপুরি বদলে যায়।

২০১৫ সালের অক্টোবরে সুপার-ওয়েল্টারওয়েট বিভাগের ওই লড়াইয়ে কোলনের প্রতিপক্ষ ছিলেন উইলিয়ামস। ম্যাচের সময় কোলন অভিযোগ করেছিলেন, উইলিয়ামস বারবার তার মাথার পেছনে ঘুষি মারছেন। বক্সিংয়ে এ ধরনের অবৈধ আঘাতকে ‘র‍্যাবিট পাঞ্চ’ বলা হয়।

কোলনের অভিযোগের পর উইলিয়ামসকে এক পয়েন্ট শাস্তি দেন রেফারি। কিন্তু লড়াই চলতে থাকে। একপর্যায়ে কোলন মাথা ঘোরা অনুভব করার কথা জানান।

নবম রাউন্ডে কোলনের দল তার গ্লাভস খুলে নেয়। পরে তাকে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে উইলিয়ামসকে জয়ী ঘোষণা করা হয়।

লড়াই শেষে ড্রেসিংরুমে ফেরার পর হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন কোলন। চিকিৎসকেরা পরীক্ষা করে তার মস্তিষ্কে সাবডিউরাল হেমাটোমা শনাক্ত করেন। এটি মস্তিষ্কের আবরণ ও মস্তিষ্কের মধ্যবর্তী স্থানে রক্ত জমাট বাঁধার একটি গুরুতর অবস্থা।

জরুরি ভিত্তিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর তিনি কোমায় চলে যান এবং ২২১ দিন কোমায় ছিলেন।

কোমা থেকে জেগে ওঠার পর চিকিৎসকেরা বুঝতে পারেন, তার মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। এরপর জীবনের বাকি সময় তাকে সার্বক্ষণিক পরিচর্যার প্রয়োজন হয়।

অপরাজিত ক্যারিয়ার থেমে যায় এক লড়াইয়ে

উইলিয়ামসের বিপক্ষে সেই লড়াইয়ের আগে কোলনের পেশাদার ক্যারিয়ার ছিল দুর্দান্ত। ১৬টি লড়াইয়ের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছিলেন তিনি। এর মধ্যে ১৩টি জয় ছিল নকআউটে।

অন্যদিকে, কোলনের বিপক্ষে লড়াইয়ের সময় উইলিয়ামসও ছিলেন অপরাজিত। তার রেকর্ড ছিল ১৫-০, যার মধ্যে ১২টি জয় এসেছিল নকআউটে।

কোলনের সঙ্গে লড়াইয়ের পর উইলিয়ামস ২০১৭ ও ২০১৯ সালে আরও দুটি ম্যাচে অংশ নেন। তবে কোলনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রভাব তার নিজের জীবন ও ক্যারিয়ারেও পড়েছিল বলে জানিয়েছিলেন তিনি।

লড়াইয়ের পর দ্য লস অ্যাঞ্জেলেস টাইমসকে উইলিয়ামস বলেছিলেন, কোলনের পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন এবং প্রতিদিন একাধিকবার তার সুস্থতার জন্য প্রার্থনা করতেন।

প্রিচার্ড কোলনের মৃত্যু বক্সিং রিংয়ে নিরাপত্তা, অবৈধ আঘাত এবং খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি নিয়ে আবারও গুরুতর প্রশ্ন সামনে নিয়ে এলো।