খুলনায় ডেঙ্গুতে প্রাণ গেল ২ জনের
ফাইল ছবি
খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময় বিভাগে নতুন করে আরো ৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন ভর্তি ৭৫ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন এবং বেসরকারি হাসপাতালে ২২ জন ভর্তি হয়েছেন। মৃত দুজনই খুলনার বাসিন্দা।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, খুলনায় ৪০ জন, বাগেরহাটে ২৮ জন, নড়াইলে ৪ জন, মেহেরপুরে ২ জন এবং কুষ্টিয়ায় ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে ৩ হাজার ১৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৭৭ জন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। অন্য হাসপাতালে রেফার করা হয়েছে ৩৭ জনকে। চলতি বছর বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।