মিশিগানে বন্দুক হামলায় নিহত ৫

মিশিগানে বন্দুক হামলায় নিহত ৫

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে মিশিগান স্টেট পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিসককি কাউন্টির একটি বাড়িতে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে তিনজনকে মৃত এবং একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হলে তার অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়।

পুলিশ জানায়, সন্দেহভাজন ৩৯ বছর বয়সি চ্যাড হিকম্যান পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর তাকে ধরতে ব্যাপক অভিযান শুরু হয়। তল্লাশির সময় কাছের আরেকটি বাড়িতে আরও একজনের মরদেহ পাওয়া যায়।

পরে হুইটলক লেকের কাছে একটি বনাঞ্চলের পাশে হিকম্যানের গাড়ির সন্ধান পায় পুলিশ। সেখানে হিকম্যান ও আরও একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মিশিগান স্টেট পুলিশের লেফটেন্যান্ট অ্যাশলি মিলার বলেন, ‘এই ঘটনা পুরো সম্প্রদায়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক এবং তদন্তকারীদের জন্যও চ্যালেঞ্জিং।’

নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। স্বজনদের অবহিত করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।