বালিয়াকান্দিতে ফুটবল প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল
সংগৃহীত ছবি
রাজবাড়ীতে একটি সংগঠনের সদস্যদের তিন হাজার ব্যাগ রক্তদান উপলক্ষ্যে ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত তেঁতুলিয়া ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার তেতুলিয়া সমাজকল্যাণ সমিতি ফুটবল মাঠে এ আয়োজন করে সূর্যতরী সমাজকল্যাণ সংগঠন ও তেঁতুলিয়া সমাজকল্যাণ সমিতি।
খেলা শুরুর আগে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বহরপুর ইউনিয়নের শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
ফাইনালের এই জমজমাট ম্যাচে স্থানীয় উপজেলার তেতুলিয়া বড়বাড়ি স্পোর্টিং ক্লাব ও খোদ্দরামদিয়া স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলে বড়বাড়ি স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
সূর্যতরী সমাজকল্যাণ সংগঠনের সভাপতি সাহাদাত খান বলেন, মাদক-বিরোধী সচেতনতা তৈরি এবং সূর্যতরী সমাজকল্যাণ সংগঠনের তিন হাজার ব্যাগ রক্তদান উপলক্ষে এই প্রিমিয়ার লীগের আয়োজন। উপজেলার ছয়টি দল এই লীগে অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কয়েকহাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন।
তেঁতুলিয়া সমাজকল্যাণ সমিতি ক্লাবের সভাপতি অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন বলেন, এই প্রিমিয়ার লীগে বিপুলসংখ্যক দর্শক খেলা উপভোগ করেছেন। আগামীতে এই আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।
প্রিমিয়ার লীগের ফাইনালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।