‘ফ্যাসিবাদের পতনের পর আবার ক্ষমতায় ফেরার ইতিহাস পৃথিবীতে নেই’

‘ফ্যাসিবাদের পতনের পর আবার ক্ষমতায় ফেরার ইতিহাস পৃথিবীতে নেই’

সংগৃহীত ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য (এমপি) আমানউল্লাহ আমান বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর আবার ক্ষমতায় ফেরার কোনো ইতিহাস পৃথিবীতে নেই। ফ্যাসিবাদী শক্তি একবার জনগণের আন্দোলনে পরাজিত হলে, তাদের পুনরায় ক্ষমতায় ফিরে আসার নজির ইতিহাসে নেই।

শনিবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের শিকারিটোলা এলাকায় বিএনপির প্রধান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের যে ঐক্য গড়ে উঠেছে, তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম হয়েছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরাচারী শাসনের পতন হয়েছে। এখন দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশে নিজেদের ভোটাধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করেছে।

আমানউল্লাহ আমান আরও বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন গণতন্ত্রের জন্য তার (খালেদা জিয়া) অবদান মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে। জিয়া পরিবার সব সময় দেশ ও দেশের মানুষের পাশে থেকেছে। খালেদা জিয়ার নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে। একইসঙ্গে দেশের সমৃদ্ধির সংগ্রামেও তিনি নেতৃত্ব দিয়েছেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমানউল্লাহ আমান নতুন দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার কাছে দোয়া কামনা করেন।

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতান্ত্রিক আন্দোলনসহ বিভিন্ন সময়ে নিহত দলীয় নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, বীর মুক্তিযোদ্ধা মো. মুজাম্মেল হক, মো. নাজিম, যুবনেতা হাজী আসাদুজ্জামান রিপনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।