কেন্দুয়ায় মাদকসেবী দুই যুবকের কারাদণ্ড
প্রতীকী ছবি
নেত্রকোণার কেন্দুয়ায় মাদকদ্রব্য সেবন করার অপরাধে তামিম (২৪) ও মোজাম্মেল (৩৪) নামের দুই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম উল ইসলাম চৌধুরী।
এসময় সঙ্গে ছিলেন পুলিশ সদস্যরা।
দণ্ডপ্রাপ্ত তামিম উপজেলার মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর গ্রামের মৃত রোকন উদ্দিনের ছেলে এবং মোজাম্মেল হক মল্লিক উপজেলার কান্দিউড়া ইউনিয়নের পালড়া গ্রামের মহিউদ্দিন মল্লিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোজাফরপুর গ্রামের ভূইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তামিম নামের এক মাদকসেবীকে আটক করা হয়। অন্যদিকে সন্ধ্যার দিকে কান্দিউড়া ইউনিয়নে পালড়া গ্রামে অভিযান চালিয়ে মোজাম্মেল হক মল্লিক নামের আরেক যুবককে আটক করা হয়।
পরে কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম উল ইসলাম চৌধুরী ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে তাদের দুজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্ত তামিমকে বিকেলের দিকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং মোজাম্মেল হক মল্লিককে রবিবার সকালে জেলা কারাগারে পাঠানো হবে।
সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ সদস্যদের উপস্থিতিতে অভিযান চালিয়ে ২ যুবককে গাজা ও মাদকদ্রব্য সেবনের বিভিন্ন উপকরণসহ হাতেনাতে ধরা হয়। অভিযুক্তরা দোষ স্বীকার করায় ও অপরাধ উদ্ঘাটিত হওয়ায় পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮’-এর ধারায় একটি মামলায় ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মাদকের ভয়াবহতা রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।