বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল জনপ্রিয় গায়িকার স্বামীর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল জনপ্রিয় গায়িকার স্বামীর

ছবি: সংগৃহীত

লেবানিজ জনপ্রিয় গায়িকা লরা খলিলের স্বামী আর নেই। তাঁর স্বামীর নাম নাজিব আকিকি। পেশায় একজন প্রকৌশলী। কাজের সূত্রে বর্তমানে তিনি ঘানায় অবস্থান করছিলেন। সেখানে নিজে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন তিনি। 

লেবানিজ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘানায় যে বাড়িতে নাজিব থাকতেন সেখানে হঠাৎ পানির লাইনে লিক দেখা দেয়। লিক হওয়া পানি কোনোভাবে বৈদ্যুতের সংস্পর্শে চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট ঘটনাটি ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান গায়িকার স্বামী। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার আগে নাজিবের কোনো শারীরিক জটিলতা ছিল না। তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছিলেন।

প্রায় দুই দশকের দাম্পত্য জীবন লরা ও নাজিবের। দীর্ঘ পথচলায় তাঁদের তিনটি সন্তান রয়েছে। লরা খলিল জনপ্রিয় সংগীতশিল্পী হলেও নাজিব বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন।  

নব্বইয়ের দশকে লেবাননের সংগীতাঙ্গনে জোরালো পদার্পণ ঘটে লরা খলিলের। আরব বিশ্বে তাঁর বেশ কিছু একক অ্যালবাম দারুণ জনপ্রিয়তা পায়। ‘আহল আল গরাম’, ‘রাওওয়াক আসাবাক’ এবং ‘হিকায়া’র মতো জনপ্রিয় অ্যালবাম উপহার দিয়েছেন তিনি। সংসারের টানে একসময় গানের জগত থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন এই গায়িকা। সাম্প্রতিক বছরগুলোতে তিনি আবারও গানে ফিরেছেন।