ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ফাইল ছবি
সকালের মধ্যে ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
রবিবার রাত ৯টা থেকে পরদিন সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, সকালে ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে।
দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও।
এমন পরিস্থিতিতে ১৩ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।