পূজা চেরী কি সত্যিই গোপনে বিয়ে সেরেছেন?
ফাইল ছবি
পূজা চেরীর প্রেমের গুঞ্জন নতুন নয়। প্রযোজক, পরিচালক কিংবা একাধিক নায়কের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। তবে এবার সেই আলোচনা গড়িয়েছে বিয়ে পর্যন্ত।
গুঞ্জন উঠেছে, দেশের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন এই চিত্রনায়িকা। এমনকি ঘনিষ্ঠদের কেউ কেউ দাবি করছেন, এরই মধ্যে নাকি বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছেন পূজা। তবে সত্যিই কি বিয়ে করেছেন তিনি, নাকি এটি নিছকই গুঞ্জন—এখনো মেলেনি সেই উত্তর।
বিয়ের খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে একেবারেই নীরব রয়েছেন পূজা চেরী। তাঁর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
অবশ্য বিয়ে নিয়ে পূজাকে ঘিরে গুঞ্জন এবারই প্রথম নয়। চলতি বছরের শুরুর দিকেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তৈরি হয়েছিল।
তখন খবর ছড়ায়, প্রায় দুই বছর আগেই নাকি নীরবে বাগ্দান সেরে ফেলেছেন এই অভিনেত্রী।
এরপর এক সাক্ষাৎকারে পূজা নিজেই জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সঙ্গে পরিবারের পছন্দ ও সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান বলেও জানিয়েছিলেন। তবে বাগ্দত্তার পরিচয় তখন প্রকাশ করেননি তিনি।
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা।
প্রেম, সম্পর্ক কিংবা বিয়ে—কোনো বিষয়েই প্রকাশ্যে বিস্তারিত কথা বলতে দেখা যায়নি তাঁকে। ফলে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তাঁর নীরবতা কৌতূহল আরো বাড়িয়েছে।
সত্যিই কি গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন পূজা, নাকি তাঁর বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া খবরের পেছনে রয়েছে অন্য কোনো গল্প—এখন সেই উত্তরই খুঁজছেন তাঁর ভক্তরা। তবে পূজার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না বলা পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই থাকছে।
শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পা রাখেন পূজা চেরী। পরে নায়িকা হিসেবে আলোচনায় আসেন ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে। এতে তাঁর জুটি ছিলেন সিয়াম আহমেদ। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’, ‘দম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মাঝেমধ্যে আলোচনায় আসা পূজা এবার বিয়ের গুঞ্জনের কারণে নতুন করে খবরের শিরোনামে। তবে শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি কি না, সেটি জানতে অপেক্ষা করতে হবে এই অভিনেত্রীর মুখ খোলার।